জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে ইতালির রোমে অনুষ্ঠিত হলো ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা সভা এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।
রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের সর্বশেষ তথ্য, এনসিপির নীতিমালা ও নতুন কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ জোরদারে বিশেষ নির্দেশনা ও করণীয় নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ইউরোপ প্রতিনিধি নাজমুল বাশার। সঞ্চালনায় ছিলেন সোলায়মান সাদি ও সাজিদুর রহমান। ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
বক্তব্যে সামান্তা শারমিন বলেন, “বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। জুলাই আন্দোলনে তাদের অবদান স্মরণীয়। এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার অংশগ্রহণ দেশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”
সারোয়ার তুষার বলেন, “প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন—এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায়। সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাই।”
অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন— রাসেল মোহাম্মদ (আহ্বায়ক), মনিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), সালাউদ্দিন আকন (সদস্য সচিব), নাহিদ ইবনে জিহাদ (যুগ্ম সদস্য সচিব), শেখ তরিকুল ইসলাম (সিনিয়র সদস্য), আল ফয়সাল (কার্যনির্বাহী সচিব), তাসরিফ হালদার (মিডিয়া প্রচার), মেহেদী হাসান (যুব সচিব) ও আলামিন বেপারি (অর্থ সচিব)।
ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ, নবগঠিত কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেন।
আহ্বায়ক রাসেল মোহাম্মদ বলেন, “প্রবাসীদের দীর্ঘদিনের দাবি—ভোটাধিকার বাস্তবায়ন। এই যাত্রাকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ইতালিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সকে প্রবাসীদের আস্থা ও ভালোবাসার সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রতিটি সদস্য সক্রিয় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের ঐক্য, সক্রিয় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় অটুট থাকার আহ্বান জানান।