1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ছাত্রশিবিরের আদর্শকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একদল অপপ্রচার চালাচ্ছে: জামায়াত সেক্রেটারি

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ইসলামী ছাত্রশিবিরকে দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে ফেলে আসছি। ঠিক যে সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ঠিক সেই সময় আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করবে না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। ছাত্রশিবিরের এই আদর্শবাদী আন্দোলনকে যখন একদল শক্তি যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। ইসলামী ছাত্রশিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদের আবার সেই পেছনে ঠেলে দিতে চায়।

তিনি আরও বলেন, তারা ইসলামী ছাত্রশিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রগ কাট বলেছে, গুপ্ত বলেছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব অসত্য এবং মিথ্যা কথায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি।

ছাত্রশিবিরের সঙ্গে গোটা জাতি আছে উল্লেখ করে জামায়াতের এই সেক্রেটারি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবিরের এই যাত্রার পেছনে গোটা জাতি তাদের সাহায্য করবে। ইসলামি ছাত্র শিবির সেই প্রাণ, সেই সত্তা তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তারা দ্বিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে। তারা দুনিয়ার স্বার্থ, সম্পদ, গাড়ি, বাড়ি, সম্মান বিক্রি করে দিয়েছে, দুনিয়ায় তাদের দাবিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাগার এবং ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না। নতুন বছরে শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় হোক। সঙ্গে সঙ্গে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন