1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ঋণ-লোকসান আর আয় সংকটে চাপে ওরিয়ন ফার্মা, বাড়ছে দেউলিয়া হওয়ার আশঙ্কা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঋণের ভার, ধারাবাহিক লোকসান এবং ব্যবসায়িক ব্যর্থতায় চরম সংকটে পড়েছে Orion Pharma Ltd.। একই সঙ্গে খেলাপি ঋণে জর্জরিত ও একীভূত হওয়া Social Islami Bank PLC-এ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রাখায় কোম্পানিটির আর্থিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার খেলাপি ঋণে বিপর্যস্ত সোশ্যাল ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। আমানতকারীদের অর্থ ফেরতে ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংকে ওরিয়ন ফার্মার ফিক্সড ডিপোজিট ছিল ১ কোটি ১২ লাখ ২০ হাজার ৬১০ টাকা। যা ২০২৬ সালের ৩১ মার্চে বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ৮৪০ টাকায়। মাত্র নয় মাসে আমানতের পরিমাণ বেড়েছে প্রায় ৬ লাখ ৮৪ হাজার টাকা বা ৬ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে ২২ কোটি ১৩ লাখ ৯৪ হাজার টাকায়। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে প্রায় ৪৩৫ শতাংশ।

এছাড়া ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৮ কোটি ৩৩ লাখ টাকায়। বিশাল এই ঋণ পরিশোধে কোম্পানির সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

ব্যবসার মূল সূচকেও বড় ধাক্কা খেয়েছে ওরিয়ন ফার্মা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানির বিক্রয় রাজস্ব কমে দাঁড়িয়েছে ২২৮ কোটি ১২ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩৫ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ বিক্রি কমেছে ৩২ শতাংশের বেশি।

বিশেষভাবে লক্ষণীয়, আগের অর্থবছরের প্রথম নয় মাসে পাওয়ার জেনারেশন খাত থেকে ৮১ কোটি ৭৫ লাখ টাকার রাজস্ব এলেও চলতি বছরে এ খাত থেকে কোনো আয় আসেনি। এতে কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক অবস্থার আরও অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিদায়ী অর্থবছরে কোম্পানি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। চলতি অর্থবছরেও লোকসান অব্যাহত থাকায় এবারও লভ্যাংশ না আসার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

এ বিষয়ে জানতে কোম্পানির সচিব মো. ফেরদৌস জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে Bangladesh Securities and Exchange Commission-এর মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, ওরিয়ন ফার্মার সামগ্রিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ওরিয়ন ফার্মার পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৪৭ শতাংশ, উদ্যোক্তা পরিচালকদের ৩১.৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০.৯০ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ০.১২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন