1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ‌্য জানানো হয়েছে।

এছাড়াও বিএসইসির জন্য তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান।

মো. মাসুদ খান দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন করপোরেট ব্যক্তিত্ব। তিনি ২০২০ সালের জুলাই থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। বার্জার পেইন্টস, জিএসকে এবং বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তার। প্রায় পাঁচ দশকের কর্মজীবনে তিনি ২৩ বছর বোর্ড পর্যায়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বৃহস্পতিবার সকালে বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী কমিশনাররা হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে বিভিন্ন সময়ে কমিশনাররা নিয়োগ পান।
এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করা হবে। ওই ঘোষণার পর থেকেই কমিশনে পরিবর্তনের আলোচনা চলছিল। শেষ পর্যন্ত চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের মধ্য দিয়ে সংস্থাটিতে বড় ধরনের পরিবর্তন আসছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন